ব্যাংকের ২ কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক :

নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছিনতাইকারীদের মারধরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তা আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রিজের পাশে টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই কর্মকর্তা হলেন আবাদপুকুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)।

আবাদপুকুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার মালিক ফিরোজ হোসেন জানান, মঙ্গলবার দুপুরের আগে সান্তাহার ইসলামী ব্যাংক থেকে উত্তোলন করা ৩০ লাখ টাকা এবং তার কাছ থেকে নেওয়া আরও ৪ লাখ টাকাসহ মোট ৩৪ লাখ টাকা নিয়ে ব্যাংকের দুই কর্মকর্তা মোটরসাইকেলে করে সান্তাহার থেকে রাণীনগরের আবাদপুকুরে যাচ্ছিলেন।

পথে দুপুরের দিকে আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রিজের পাশে টাওয়ার এলাকায় পৌঁছালে হেলমেট পরা চার ব্যক্তি দুটি মোটরসাইকেলে করে সামনে ও পেছন থেকে এসে তাদের পথরোধ করেন। পরে লোহার রড দিয়ে দুই কর্মকর্তাকে এলোপাতাড়ি মারধর করে তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান।

ফিরোজ হোসেন আরও জানান, ছিনতাইকারীদের মারধরে দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মণ্ডল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *