কিশোরগঞ্জে নিখোঁজের ৩ দিন পর জেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরতে গিয়ে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হওয়া অরুণ দাস (২২) নামে এক জেলের মরদেহ তিন দিন পর উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের বাকসাই-সিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অরুণ দাস ধনপুর ইউনিয়নের ঠাকুরহাটি গ্রামের কানু দাসের ছেলে। ঠাকুরহাটি গ্রামের সৌরভ দাস জানান, সোমবার দুপুরে সিলুন্দিয়া গ্রামের পূর্ব দিকে ধনু নদীতে ছোট একটি নৌকায় মাছ ধরছিলেন দুই ভাই অরুণ দাস ও সাগর দাস। এ সময় কিশোরগঞ্জের বাজিতপুর থেকে নদীপথে সুনামগঞ্জের উদ্দেশে যাওয়া একটি বাল্কহেড তাদের মাছ ধরার নৌকাটিকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়।

নৌকায় থাকা বড় ভাই সাগর দাস সাঁতরে তীরে উঠতে পারলেও অরুণ নদীতে পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তিন দিন পর বুধবার সকালে বাকসাই-সিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ধনপুর নৌ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জামাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জের শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাল্কহেডটি ঘটনার দিনই জব্দ করা হয়েছে। এ সময় বাল্কহেডে থাকা পাঁচজনকে আটক করা হয়। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *