নিজস্ব প্রতিবেদক :
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’ ওরফে রাজাকে প্রিজনভ্যান থেকে পালাতে সহায়তার অভিযোগে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক জুবায়ের রশিদ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ড আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী।
এর আগে সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন জানালে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছিল।
রিমান্ডপ্রাপ্তরা হলেন—প্রিজনভ্যানের দায়িত্বে থাকা এসআই প্রবীর কুমার বিশ্বাস, চালক নায়েক কামাল হোসেন এবং পিচ্চি রাজার বোন তাসলিমা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ২৯ জন বন্দি নিয়ে একটি প্রিজনভ্যান ঢাকা জেলা জজ আদালত থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা হয়। ভ্যানটি গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় পৌঁছলে শৌচকর্মের কথা বলে পিচ্চি রাজা পালিয়ে যান বলে শুরুতে দায়িত্বরত পুলিশ সদস্যরা দাবি করেছিলেন। তবে পুলিশি তদন্তে তাদের সেই দাবির সত্যতা মেলেনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার জানান, প্রিজনভ্যানে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা মূলত অর্থের বিনিময়ে পিচ্চি রাজাকে পালিয়ে যেতে সুযোগ করে দেন। ঠিক কত টাকার চুক্তি হয়েছিল তা নিশ্চিত না হলেও চালক নায়েক কামাল হোসেনের বাড়ি থেকে ইতোমধ্যে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদককারবারি হিসেবে পরিচিত পিচ্চি রাজাকে গত ১৯ মে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।