সাভারে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩, উদ্ধার মাত্র ১৩ হাজার

নিজস্ব প্রতিবেদক:

সাভারের হেমায়েতপুরে ব্যাংক থেকে তুলে নিয়ে যাওয়ার সময় দিনদুপুরে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাদের কাছ থেকে লুটের ১৩ হাজার টাকা, একটি মোটরসাইকেল, দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরঘাট আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. জুয়েল শিকদার (৪০), মো. তামিম (২৪) ও উজ্জ্বল সরদার (২০)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, হেমায়েতপুর এলাকার আইএফআইসি ব্যাংক শাখা থেকে আর কে এন্টারপ্রাইজের কর্মী ইসরাফিল হক প্রতিষ্ঠানের ২৬ লাখ টাকা উত্তোলন করেন। টাকাভর্তি ব্যাগ নিয়ে সাভারমুখী সড়ক পার হওয়ার সময় একটি প্রাইভেটকারে থাকা দুর্বৃত্তরা তার পথরোধ করে। নিজেদের ‘র‍্যাব সদস্য’ পরিচয় দিয়ে তারা দিনদুপুরে দেশীয় অস্ত্র দিয়ে ইসরাফিল হককে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা চারজনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন।

মামলাটির তদন্ত করছে ঢাকা উত্তর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বুধবার দুপুরে যুগান্তরকে জানান, গ্রেফতার তিন আসামিকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত আরও পাঁচজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতার এবং ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, লুট হওয়া ২৬ লাখ টাকার মধ্যে এখন পর্যন্ত মাত্র ১৩ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেফতার তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *