নিশো-মেহজাবীনের রসায়ন কি এবার বড় পর্দায়?

বিনোদন ডেক্স :

টেলিভিশন নাটকের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী এবার একসঙ্গে হাজির হতে যাচ্ছেন বড় পর্দায়। দীর্ঘদিন ধরে নাটকে দর্শকদের প্রশংসা পাওয়া এই জুটিকে এবার দেখা যাবে ভিন্ন এক গল্প ও ভিন্ন পরিসরে।

ভিকি জাহেদের পরিচালনায় ‘পুলসিরাত’ সিনেমায় জুটি বাঁধছেন নিশো ও মেহজাবীন। চলতি বছরের জানুয়ারিতে সিনেমাটির নাম নিবন্ধনের খবর প্রকাশ্যে এলেও তখনও অভিনয়শিল্পী হিসেবে তাদের দুজনের নাম চূড়ান্ত ছিল না।

তবে সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে প্রযোজক শাহরিয়ার শাকিল নিশো ও মেহজাবীনের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে নতুন করে আলোচনায় আসে সিনেমাটি। তার পোস্টের পরই বড় পর্দায় এই জনপ্রিয় জুটির একসঙ্গে কাজ করার বিষয়টি অনেকটাই নিশ্চিত বলে ধরে নেওয়া হচ্ছে।

প্রযোজনা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘পুলসিরাত’-এর প্রাথমিক প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী জানুয়ারির শুরুতে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। টানা এক মাসের শুটিংয়ে সিনেমাটির দৃশ্যধারণ শেষ করার প্রস্তুতি চলছে।

সিনেমাটি কবে মুক্তি পাবে, সে বিষয়েও রয়েছে বিশেষ পরিকল্পনা। সূত্রের দাবি, আগামী রোজার ঈদকে লক্ষ্য করেই সিনেমাটির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। জানুয়ারিতে শুটিং এবং ফেব্রুয়ারিতে পোস্ট-প্রডাকশনের কাজ শেষ করে মার্চের ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হবে নিশো-মেহজাবীনের। একই সঙ্গে চলচ্চিত্র নির্মাতা হিসেবে ভিকি জাহেদেরও আত্মপ্রকাশ ঘটবে।

‘পুলসিরাত’ প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিষ্ঠানটির প্রযোজনায় বেশ কয়েকটি আলোচিত ও সফল সিনেমা মুক্তি পেয়েছে। ফলে নতুন এই সিনেমা ঘিরেও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

এর আগে ভিকি জাহেদের নির্মাণে ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’ ও ‘রেডরাম’-এর মতো দর্শকপ্রিয় নাটক ও ওয়েব সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন নিশো ও মেহজাবীন। এবার সেই পরিচিত জুটিকে বড় পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *