ফরিদপুরে কোটি টাকার মূর্তি উদ্ধার, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালীবাড়ি মন্দির থেকে চুরি হওয়া কষ্টিপাথরের একটি কালীমূর্তি, স্বর্ণ-রৌপ্যের অলংকার ও বিভিন্ন প্রতিমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার ছয় দিনের মধ্যে চুরি যাওয়া কালীমূর্তিসহ অধিকাংশ মালামাল উদ্ধারের কথা জানিয়েছে জেলা পুলিশ।

রোববার বেলা ১১ টায় জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি। প্রেস ব্রিফিংয়ে ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর দিবাগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। পরদিন ২০ সেপ্টেম্বর ভোরে মন্দিরে পূজা করতে গিয়ে সেবায়ত দেখতে পান, মন্দিরের সব তালা কাটা এবং দরজা খোলা। ভেতরে গিয়ে কষ্টিপাথরের কালীমূর্তি দেখতে না পেয়ে বিষয়টি পুলিশকে জানান। একই সঙ্গে মূর্তির গায়ে থাকা স্বর্ণালংকার, পিতলের বিভিন্ন প্রতিমা ও রৌপ্যের অলংকারও চুরি হয়।

এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি কুশল চক্রবর্তী ২০ সেপ্টেম্বর ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কোতোয়ালি থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তদন্তকারী কর্মকর্তার সমন্বয়ে একাধিক দল তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ গ্রামের আসাদুজ্জামান সাদ্দাম, তার মা সাজেদা বেগম, বোয়ালমারীর কান্দাকুল গ্রামের আল আমিন মোল্লা (২৪) এবং বোয়ালমারী এলাকার আতিয়ার রহমান।

পুলিশ জানায়, গ্রেফতার সাজেদা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির রান্নাঘরের মাটির নিচে লুকিয়ে রাখা চুরি হওয়া স্বর্ণ ও রৌপ্যের অলংকার এবং ছয়টি পিতলের প্রতিমা উদ্ধার করা হয়। এ ছাড়া আসাদুজ্জামান সাদ্দাম ও আল আমিন মোল্লার দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালমারী থানার রুপাপাত এলাকার একটি বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা কষ্টিপাথরের কালীমূর্তি উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *