অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজারে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। তারা হলেন, উখিয়া ১নং কুতুপালং এফডিএমএন ক্যাম্পের রুবালির ছেলে মো. উসমান বেলাল, ইউনুসের ছেলে মো. আনসার আলী ও টেকনাফ ক্যাম্প ২৬ এর মোচনি ফয়েজ আহমদের ছেলে মো. মুসলিম। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে— জি৩ রাইফেল ২টি, দেশীয় একনলা বন্দুক (বড়) ১টি, দেশীয় একনলা বন্দুক (ছোট) ১টি, গুলি ৪২ রাউন্ড, টেজার ৩টি, ওয়াকিটকি সেট ৬টি, ম্যাগাজিন ১টি, বিস্ফোরক দ্রব্য ৪ কেজি, জর্দার কৌটা ২৫টি, লাল স্কচটেপ ২৫টি,  ইজিবাইক ১টি, অ্যান্ড্রয়েড মোবাইল ২টি, বাটন মোবাইল ১টি।রোববার (২৭ সেপ্টেম্বর) বিকালে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. হানিফুর রহমান ভূঁইয়া এক সংবাদে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, হ্নীলা ইউনিয়নের লেদা বাজার অতিক্রম করে ভারী অস্ত্রের একটি চালান রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত একটি সশস্ত্র ডাকাত দলের নিকট হস্তান্তর করা হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেদা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে সকাল ১০টার দিকে ইজিবাইকে ৩ জন ব্যক্তিকে সন্দেহজনকভাবে লেদা বাজার এলাকা অতিক্রম করতে দেখে বিজিবি সদস্যগণ ইজিবাইকটিকে থামার সংকেত দেন। বিজিবি টহল দল তাৎক্ষণিকভাবে মেটাল ডিটেক্টরের সাহায্যে সন্দেহভাজন ইজিবাইকে বহন করা বস্তার ভেতর ধাতব পদার্থের উপস্থিতি নিশ্চিত হন।

পরবর্তীতে, অধিকতর তল্লাশির জন্য ইজিবাইকসহ উক্ত ৩ ব্যক্তিকে লেদা বিওপিতে নেওয়া হয়। সেখানে ইজিবাইকটি তল্লাশি করে আলুর বস্তার ভেতর লুকানো অবস্থায় অস্ত্র, গোলাবারুদ, আত্মরক্ষায় ব্যবহৃত বৈদ্যুতিক শক প্রদানকারী যন্ত্র বা টেজার, বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *