নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি হওয়া একটি গরু বিএনপির এক নেতার গোয়ালঘর থেকে উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভোলাকোট ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলুকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ইউনিয়ন বিএনপি। একই ঘটনায় গরু চুরির সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে ভাটরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক তাজুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর রাতে ভাটরা ইউনিয়নের নলছারা গ্রামের ফাতেমা বেগমের দুটি গরু চুরি হয়। এরপর স্বজন ও স্থানীয়রা গরু দুটির সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ভোলাকোট ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলুর গোয়ালঘরে চুরি যাওয়া একটি গরু পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়লে তার বাড়ির আশপাশে লোকজন জড়ো হন। পরে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটি উদ্ধার করে হেফাজতে নেয়।
এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেলোয়ার হোসেন দেলুকে তিন দিনের মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ভোলাকোট ইউনিয়ন বিএনপি। ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার ও সাধারণ সম্পাদক আবদুল হামিদ বিএসসি নোটিশে স্বাক্ষর করেন।
অন্যদিকে, গরু চুরির ঘটনায় সরাসরি সম্পৃক্ততার অভিযোগে তাজুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ভাটরা ইউনিয়ন বিএনপি। ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান লাভলু ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।