নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে প্রাইভেটকার থেকে গুলিবর্ষণ করা তরুণ-তরুণীকে ঢাকার গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে র্যাব ও ভাঙ্গা থানা পুলিশের যৌথ একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র্যাব-১-এর কার্যালয়ে নিয়ে যায়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা থানা পুলিশের দায়ের করা মামলায় তাদের দুজনকে গ্রেফতার দেখিয়ে ঢাকা ও মুন্সীগঞ্জে অস্ত্র উদ্ধার অভিযানে নামেন ভাঙ্গা থানা পুলিশ।
অস্ত্রটি উদ্ধার করা হলে রাতে আরও জিজ্ঞাসাবাদের পর আগামীকাল বৃহস্পতিবার দুপুরে তাদেরকে জেল হাজতে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান।
পুলিশ জানায়, গত (১৭ আগস্ট) সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে প্রাইভেটকার থেকে এক তরুণ জনসম্মুখে গুলি করে পালিয়ে যায়।
গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ছোটাছুটিতে দুজন আহত হয়। এ ঘটনার ভিডিওটি বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভিতে প্রচারিত হয়।
সংবাদ প্রচারের পর পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে এবং ১৮ আগস্ট ভাঙ্গা থানার এসআই প্রশান্ত কুমার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন ভাঙ্গা থানার এসআই মিজানুর রহমান।