গার্মেন্ট কর্মকর্তা শুভ্র হত্যায় ৭ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত গার্মেন্ট কর্মকর্তা সাখাওয়াত হোসেন শুভ্র হত্যার মামলার রায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে আরও ২ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

এ সময় সাজাপ্রাপ্তদের মধ্যে আদালতে পাঁচজন উপস্থিত ছিলেন। পলাতক দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন- বাবুল সাহা জীবন (৩৩), নাজমুল ইসলাম (২৮), সঞ্জয় দাস (৩০), মিলন (৩২), বশির (৩১), সমীর চন্দ্র মণ্ডল (৩০) ও কাউছার (৩৪)। তাদের মধ্যে বাবুল সাহা জীবন (৩৩) ও কাউছার (৩৪) পলাতক রয়েছে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, নিহত সাখাওয়াত হোসেন শুভ্র ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় অবস্থিত প্লাজি ফ্যাশন গার্মেন্টের কর্মকর্তা ছিলেন। ২০১৭ সালের ১৫ আগস্ট বাবুল সাহা জীবন মোবাইলে কল করে শুভ্রকে ফতুল্লার মাসদাইর এলাকায় ‘মায়ের আঁচল’ নামে একটি নির্মাণাধীন ১২ তলা ভবনের ৭ম তলায় ডেকে নিয়ে যায়। এরপর সেখানে জীবন তার বন্ধু নাজমুল ইসলাম, সঞ্জয় দাস, মিলন, বশির, সমীর, কাওছার মিলে মাথায় আঘাত করে ও শ্বাসরোধে শুভ্রকে হত্যা শেষে শহরের খানপুর হাসপাতালে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *