কোটি টাকার স্বর্ণ ছিনতাই পুলিশ সদস্যসহ গ্রেফতার ২, উদ্ধার ২০ ভরি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জে রাজশাহীর এক ব্যবসায়ীর কোটি টাকা মূল্যের ৪০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কনস্টেবল জাকির হোসেনসহ চারজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা হয়েছে। পরে পুলিশ কনস্টেবল জাকিরসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ২০ ভরি স্বর্ণ।

শনিবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন রাজশাহীর স্বর্ণ ব্যবসায়ী নিঝুম।

কনস্টেবল জাকির মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। পাশাপাশি মামলায় আসামি করা হয়েছে বাদীর ভগিনীপতি ও স্বর্ণের বাহক মোহাম্মদ আলী ও তার ছেলে নয়নকে। এছাড়া আরও একজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে- আসামিরা পরস্পরের যোগসাজশে পূর্বপরিকল্পনা মোতাবেক কোটি টাকার স্বর্ণ ছিনতাই করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মামলা দায়েরের পর শনিবার রাতেই এজাহারভুক্ত আসামি কনস্টেবল জাকির হোসেন ও বাদীর ভগিনীপতি মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জর সদর থানার চকআলমপুর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ২০ ভরি স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ রোববার দুপুরে এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, তদন্তে প্রাপ্ত প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কনস্টেবল জাকির হোসেনসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরেই তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের রিমান্ডের আবেদনও জমা দিয়েছেন আদালতে।

গ্রেফতারের পর কনস্টেবল জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেবীপুর শ্যামপুর গ্রামে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির অফিসার্স মেসে কর্মরত ছিলেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *