টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নারীসহ আহত ৪০

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কোম্পানীগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গাছ কেনা-বেচার দেনাপাওনা নিয়ে এ সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি গাড়ি, দোকানপাট ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের টুকেরগাঁও পূর্ব পাড়া ও নয়াগাঙেরপাড় গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। পরে রাত সোয়া ৯টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয়দের ভাষ্য, শনিবার সন্ধ্যায় গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টুকেরগাঁও গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে নানু মিয়ার সঙ্গে নয়াগাঙেরপাড় গ্রামের কলমন্দর আলীর ছেলে নিজামের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এরপর উভয় গ্রামের লোকজন লাঠিসোঁটা, ইটপাটকেল ও দা-বল্লম নিয়ে গ্রামীণ সড়কে বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়েন।

উভয়পক্ষই টর্চলাইট জ্বালিয়ে দীর্ঘ সময় সংঘর্ষ চালিয়ে যান। এ সময় মোটরসাইকেল, ট্রাক্টর, দোকান ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর সোয়া ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে এবং নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে রাত সোয়া ৯টার দিকে ১ রাউন্ড রাবার বুলেট ও ৬ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।

আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় চারজন নারীসহ বেশিরভাগই ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন।

উপজেলার পশ্চিম ইসলামপুর ইউপির চেয়ারম্যান মো. জিয়াদ আলী যুগান্তরকে বলেন, পুলিশের দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি শান্ত হয়েছে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আ. মন্নান মনাফ যুগান্তরকে বলেন, সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের লোকজন আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করতে উভয়পক্ষ একমত হয়েছেন। উভয় গ্রামের লোকজনকে ফেসবুকে উসকানিমূলক পোস্ট বা মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *