নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে বসতি স্থাপনের জন্য পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় এক কিশোরের প্রাণহানির ঘটনা ঘটেছে।
বুধবার (১৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেরামারা বড়থলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সায়েম চৌধুরী (১৩) একই এলাকার মৃত বশির আহম্মদের ছেলে। এ ঘটনায় সোহেল রানা (১০) নামে আরও এক শিশু আহত হয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান (৪৮) জানান, প্রায় দুই মাস আগে ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া এলাকা থেকে সায়েমের পরিবার সেখানে এসে বসবাস শুরু করে। সায়েমের মা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেন। আর সায়েম দিনে ব্যাটারিচালিত অটোরিকশা চালাত। বুধবার রাতে নতুন বসতঘর নির্মাণের জন্য কয়েকজন বন্ধুকে নিয়ে ঘরের পাশের পাহাড় থেকে মাটি কাটছিল সে। এ সময় হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে পড়ে সায়েম ও সোহেল মাটিচাপা পড়ে।
পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করে বারইয়ারহাট বিএম হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল রানা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহদি হাসান বলেন, রাতে পাহাড় কাটার খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। যারা রিজার্ভ ফরেস্টের জমি ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, মাটিচাপায় কিশোর নিহত হওয়ার ঘটনায় পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।