সেই লাইলী পেলেন ৩ লাখ টাকার সরকারি অনুদান

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যমে লোকগান গেয়ে ভাইরাল হওয়া ফরিদপুরের লোকসঙ্গীত শিল্পী লাইলী বেগমকে ৩ লাখ টাকার বিশেষ আর্থিক অনুদান দিয়েছে সরকার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তাকে এ সহায়তা প্রদান করা হয়।

বুধবার (১৭ জুন) রাজধানীর সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী শিল্পী লাইলী বেগমের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, লাইলী বেগম রাস্তা-ঘাট, হাট-বাজারে খালি গলায় গান গেয়ে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের পৈতৃক বাড়িতে একটি নজরুলসংগীত পরিবেশন করে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হন। এরপর সরকারের উচ্চপর্যায়সহ দেশবাসীর নজর কাড়েন তিনি।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, লাইলী বেগম কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই নিজের প্রতিভা ও দীর্ঘ সাধনার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। দেশের মাটি ও মানুষের সংস্কৃতিকে ধারণ করে তিনি গান গেয়ে চলেছেন। তার গান শুনে সরকার মুগ্ধ হয়েছে। এমন প্রতিভাবান ও মাটির কাছাকাছি থাকা শিল্পীদের রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করার লক্ষ্যেই এ সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, শুধু আর্থিক সহায়তাই নয়, লাইলী বেগমকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির কার্যক্রমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে তিনি আরও বড় পরিসরে নিজের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।

অনুদান গ্রহণের পর আবেগাপ্লুত লাইলী বেগম বলেন, আমার মতো গ্রামের একজন সাধারণ শিল্পীকে সচিবালয়ে ডেকে এনে এভাবে সম্মান জানানো হবে, তা আমি কখনও ভাবিনি। সরকারের এই সহযোগিতা আমাকে আরও ভালোভাবে গান গাইতে এবং গ্রামীণ সংস্কৃতির জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইলী বেগমের পরিবেশিত কয়েকটি লোকগান ও বাউলগানের ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তার সুমধুর কণ্ঠ ও সহজ-সরল পরিবেশনা অল্প সময়ের মধ্যেই হাজারও দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা মনে করছেন, লাইলী বেগমের মতো গ্রামীণ শিল্পীদের এ ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি দেশের লোকসংগীতের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *