নিজস্ব প্রতিবেদক:
রাঙামাটির রাজস্থলী উপজেলায় মদ ভেবে বিষপান করে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিংকন বড়ুয়া (২৬) মারা যান। এর আগে মঙ্গলবার অসাবধানতাবশত মদ মনে করে নিজ ঘরে বোতলে থাকা বিষ পান করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
রিংকন বড়ুয়া রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ম্রোদংপাড়ার বাসিন্দা মিলন বড়ুয়ার ছেলে।
জানা গেছে, রিংকন চট্টগ্রাম ইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। কিছুদিন আগে তিনি ছুটিতে নিজ বাড়িতে আসেন। গত মঙ্গলবার তিনি ঘরে থাকা একটি বোতলের বিষকে মদ ভেবে পান করেন। এতে তিনি তাৎক্ষণিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
বিষক্রিয়ার বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশনারি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় রিংকনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
চন্দ্রঘোনা থানার ওসি এসএম সাকের জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।