আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি

বিনোদন ডেক্স :

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সম্প্রতি বাংলাদেশি দুই তারকার চেহারা বসিয়ে তৈরি করা আপত্তিকর ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। মূলত একটি বেসরকারি টেলিভিশনের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পেজ হ্যাক হওয়ার পর সেখানে প্রকাশিত এসব ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিও দেখেই ধারণা করা যাচ্ছিল, সেগুলো এআই দিয়ে বানানো।

পরে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি হ্যাকিংয়ের বিষয়টি জানিয়ে দুঃখ প্রকাশ করে। তবে এরপরও বিষয়টি নিয়ে বিতর্ক থামছেই না। ছড়িয়ে পড়া ভিডিও ও তা প্রচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা নিয়ে সম্প্রতি মুখ খোলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার এ বিষয়ে ফেসবুক লাইভে নিজের ক্ষোভ উগরে দিলেন সেই বিকৃত ভিডিওর আরেক শিকার চিত্রনায়িকা পরীমনি। সেই টিভি চ্যানেলটির উদ্দেশে এই অভিনেত্রী বলেন, শুধু ‘ক্ষমা চাইলেই’ এরকম ঘটনায় দায়মুক্তি হয় না। তিনি জানান, এই বিকৃত ভিডিও অনেক আগের। তবে এবার ওই চ্যানেলের পেজের মাধ্যমে তা দেশজুড়ে ছড়িয়ে গেছে। তাই বিষয়টি নিয়ে শুধুই ‘সরি’ বলা যথেষ্ট নয়।

সেই বিকৃত ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে নেটিজেনদের একাংশ যে নোংরামি করেছে, তাদেরও কড়া ভাষায় জবাব দিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ওই ফেসবুক লাইভে টিভি চ্যানেলটির প্রতিক্রিয়া প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ওরা এতবড় পাওয়ারফুল একটা মিডিয়া, ১১ ঘণ্টা তো ঝুলেই ছিল। তো প্রমাণ করতে পারল না? নিজেদের কন্ট্রোলে নিতে পারল না? আইন, এত প্রশাসন এগুলো দিয়ে কি সম্ভব ছিল না? এর বিপরীতে আপনি মোটেও বলতে পারেন না, পেজ হ্যাক হয়েছে। তাহলে আমিও বলি, আমার পেজ হ্যাক হয়েছে!’

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মাতামাতি করা নেটিজেনদেরও একহাত নেন অভিনেত্রী। তাদের খোঁচা দিয়ে পরী বলেন, ‘তোমরা যখন ভিডিওটি নিয়ে এত মাতামাতি করছিলে, তখন আমার ইচ্ছে হচ্ছিল একটি খোলামেলা ফটোশুট করে ফেলি।’

অভিনেত্রী আরও বলেন, ‘দিনশেষে ভিডিওটা আমিও দেখলাম, সকলেই দেখল। দেখার পর যারা এভয়েড করার দরকার, তারা স্কিপ করেছে। আর যারা এই ভিডিওকে নিজেদের জীবন, যৌবন, নিঃশ্বাস বানিয়ে ফেলেছে, তারা অনলাইনে এসেই এটা নিয়ে কথা বলছে। দেখা গেল, কেউ হজের পোস্ট করল, তার কমেন্ট বক্সেও গিয়ে লিখেছে- পরীমনির লিংক আছে আমার কাছে। মানে, তার জীবনের অর্জন যেন এটুকুই। ভুয়া একটা জিনিস নিয়ে তোমার এই অবস্থা, আসল হলে কী করতে!’

তবে পরে লাইভটি নিজের পেজ থেকে মুছে ফেলেন পরীমনি। শনিবার (১৭ অক্টোবর) সকালে লাইভটি সরিয়ে ফেলার পর এ নিয়ে একটি স্ট্যাটাস দেন এই অভিনেত্রী। সকালে দেওয়া পোস্টে পরী লেখেন, ‘ওপস সরি, ডিলিট করে দিয়েছি। শুভ সকাল।’

 

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *