নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:

এক নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাতে ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখার প্রচার সম্পাদক মাওলানা মো.নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এ ঘটনায় গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের মহাসচিব স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে আব্বাস উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত চারিত্রিক স্খলনসংক্রান্ত অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে কমিটির জয়েন্ট সেক্রেটারি মাওলানা সালাউদ্দিনকে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখা সূত্রে জানা গেছে, আব্বাস উদ্দিন রাজনীতি ছাড়াও স্থানীয় একটি কওমি মাদ্রাসার পরিচালক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে আব্বাস উদ্দিনকে এক নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলতে দেখা যায়।

যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। এরপর এ ঘটনায় রোববার (১১ অক্টোবর) তার পদ স্থগিত করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটি। কমিটিতে ভোলা দক্ষিণ জেলা শাখার সভাপতি প্রফেসর কামাল উদ্দিনকে প্রধান করা হয়। কমিটির তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।এদিকে বহিষ্কার হওয়া আব্বাস উদ্দিন বলেন, ভিডিও কলে থাকা ওই নারী তার স্ত্রী এবং ভিডিওটি কয়েকমাস আগের। ভিডিওটি তার যে মোবাইলে ছিল-সেটি সম্প্রতি চুরি হয়ে যায়। একটি মহল সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই ভিডিওটিকে পুঁজি করে তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এ ছাড়া ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে তিনি দুঃখপ্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *