রোনালদোকে শর্ত জুড়ে দিয়েছে পর্তুগালের কোচ

স্পোর্টস ডেক্স :

জাতীয় দলের হয়ে খেলতে চাইলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ক্লাবের খেলা চালিয়ে যেতে হবে এবং  সিদ্ধান্ত নিতে হবে—তিনি আসলেই ফিরতে চান কি না। পর্তুগালের কোচ জর্জ জেসুসের কথায় এমনটাই স্পষ্ট হয়েছে।

নরওয়েকে হারিয়ে নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেসুস। তিনি জানান, সৌদি ক্লাব আল-নাসরে খেলতে থাকলে পরবর্তী দলে রোনালদোকে ডাকতে তার কোনো আপত্তি নেই। তবে জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নিতে হবে রোনালদোকেই।

শর্তজুড়ে জেসুস বলেন, পরবর্তী দলে ডাকার সময় ক্রিস যদি আল-নাসরে খেলতে থাকে, তাহলে সে ডাক পাওয়ার মতো একজন খেলোয়াড়। সে চাইলে জাতীয় দলে ফিরবে।

রোনালদোকে ঘিরে বিতর্কের শুরু গত সপ্তাহে। নরওয়ের বিপক্ষে পর্তুগালের প্রথম ম্যাচে ৪১ বছর বয়সী এই তারকাকে বেঞ্চে রাখেন জেসুস। পরে ডেনমার্কের বিপক্ষে ম্যাচেও মূল একাদশে থাকবেন না জানতে পেরে বুধবার জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো।

তবে বিষয়টি নিয়ে এখনো রোনালদোর সঙ্গে যোগাযোগের দরজা খোলা রেখেছেন জেসুস। তার মতে, নভেম্বরের পরবর্তী ম্যাচের আগে রোনালদো চাইলে তার সঙ্গে কথা বলতে পারবেন।

জেসুস বলেন, সে চাইলে পরবর্তী দলে ডাকার আগে আমাদের কথা হতে পারে। যেমন এবারও দল ঘোষণার আগে আমরা কথা বলেছিলাম। তবে সিদ্ধান্তটা ক্রিসই নেবে।

২০২৬ বিশ্বকাপের পর রবার্তো মার্টিনেজের জায়গায় পর্তুগালের দায়িত্ব নেওয়া জেসুস আরও বলেন, রোনালদো জাতীয় দলের অধ্যায় কীভাবে শেষ করবেন, সেটিও তার নিজের সিদ্ধান্ত।

২০০৩ সালে ১৮ বছর বয়সে পর্তুগালের হয়ে অভিষেক, এরপর দেশটির জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ও সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় হয়েছেন রোনালদো। ছয়টি বিশ্বকাপেও খেলেছেন তিনি। সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, চলতি বছরই সম্ভবত তার ফুটবল ক্যারিয়ারের শেষ বছর হতে পারে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *