বাড়ির উঠানের গাছে ঝুলছিল হাত-পা-মুখ বাঁধা প্রবাসী যুবক

নিজস্ব প্রতিবেদক:

ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রোকন আহমেদ জয় (২৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় এ ঘটনা ঘটে। জয় ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ পূর্ব নয়াহাটী এলাকার মো. সাত্তার মিয়ার ছেলে। তিনি সিঙ্গাপুরপ্রবাসী ছিলেন।জানা যায়, জীবিকার তাগিদে জয় সিঙ্গাপুরে পাড়ি জমান। সেখানে দুই বছর থাকার পর এক মাস আগে ছুটিতে দেশে আসেন তিনি। নিহতের বাবা সাত্তার মিয়া বলেন, রোকন এক মাস আগে সিঙ্গাপুর থেকে ছুটিতে বাড়িতে আসে। সে বিয়ে করেনি। রাতে একা রুমে থাকত। জানতে পারি, সোমবার রাত আনুমানিক ২টার দিকে কে বা কারা তাকে মোবাইলে ফোন করে ঘর থেকে ডেকে নিয়ে যায়। আমরা তখন ঘুমে ছিলাম। সকালে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় বাড়ির সামনের উঠানের একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পাই।

তিনি বলেন, আমাদের কোনো শত্রু নেই। আমাদের ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। কারা তাকে এভাবে হত্যা করল, তার বিচার চাই।

এ বিষয়ে ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান জানান, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। এটি হত্যা না আত্মহত্যা, তা তদন্ত করছে পুলিশ। তার লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *