হার দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু

স্পোর্টস ডেক্স :

প্রথমার্ধে ছন্দহীন ফুটবলে দুই গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল বাংলাদেশ। কয়েকটি ভালো সুযোগও তৈরি হয়েছিল, কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় সেগুলো থেকে গোল আদায় করতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপের অভিযান শুরু করেছে বাংলাদেশ।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে স্বাগতিকরা। আক্রমণের পর আক্রমণে বাংলাদেশের রক্ষণকে ব্যস্ত রাখলেও নিজেদের অর্ধ থেকে বের হয়ে পালটা আক্রমণ সাজানোর সুযোগ পাচ্ছিল না বাংলাদেশ।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মালয়েশিয়া। কর্নার থেকে আসা বলে গোলমুখে জোরালো শট নেন তাদের এক আক্রমণভাগের খেলোয়াড়। তবে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ দ্রুত প্রতিক্রিয়ায় বলটি বাইরে পাঠিয়ে দেন।

তবে বেশিক্ষণ নিজেদের গোলপোস্ট অক্ষত রাখতে পারেনি বাংলাদেশ। ১৮ মিনিটে মাঝমাঠ থেকে পাওয়া বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মালয়েশিয়ার ১০ নম্বর আরিফ আইমান। তপু বর্মণ তাকে আটকানোর চেষ্টা করেও সফল হননি। গোলরক্ষক শ্রাবণও ঠেকাতে পারেননি তার নেওয়া শট। ফলে লিড পেয়ে যায় মালয়েশিয়া।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে আরও একবার বাংলাদেশের রক্ষণে আঘাত হানে স্বাগতিকরা। ৩৮ মিনিটে তপু বর্মণের ভুল পাস থেকে বল পেয়ে যান আরিফ আইমান। সুযোগটি কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ফলে বিরতিতে ২-০ গোলে পিছিয়ে থাকে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আক্রমণে কিছুটা সক্রিয় হওয়ার চেষ্টা করে বাংলাদেশ। তবে ৫২ মিনিটেই ব্যবধান আরও বাড়িয়ে নেয় মালয়েশিয়া। ডান দিক থেকে আসা বল বাম পায়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ে শট নেন ব্রাজিলে জন্ম নেওয়া মালয়েশিয়ান ফরোয়ার্ড বের্গসন গুস্তাভো। শটে খুব বেশি গতি না থাকলেও সেটি ঠেকাতে পারেননি শ্রাবণ। মালয়েশিয়া এগিয়ে যায় ৩-০ গোলে।

এরপর ম্যাচে ফেরার সবচেয়ে বড় সুযোগগুলোর একটি পেয়েছিল বাংলাদেশ। ৭৬ মিনিটে সতীর্থের বাড়ানো বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন হামজা চৌধুরী। সামনে তখন কেবল গোলরক্ষক। কিন্তু হামজার প্রথম শট ঠেকিয়ে দেন মালয়েশিয়ার গোলকিপার। ফিরতি বলেও শট নিয়েছিলেন বাংলাদেশের এই মিডফিল্ডার, তবে সেটিও কর্নারের বিনিময়ে রুখে দেন তিনি।

শেষদিকে আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় থমাস ডুলির দলকে। শুরুতেই বড় ব্যবধানে হেরে ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বের মিশন শুরু করল বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *