বাগদানের খবরে মুখ খুললেন অভিনেত্রী জেবিন

বিনোদন ডেক্স:

ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর শিরতাজ জাহান জেবিন শুরুতে ডাক্তার হওয়ার ইচ্ছা থাকলেও পরবর্তী সময়ে বিনোদন জগতে পা রাখেন। অভিনয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’-এ ‘নাবিলা সিক্স’ চরিত্রে অভিনয় করে দর্শকদের পরিচিতি পান।

সম্প্রতি অভিনেত্রীর বাগদান হয়েছে— এমন খবর সামাজিক মাধ্যমে প্রকাশ হলেও বিষয়টি সরাসরি অস্বীকার করেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, তার কোনো বাগদান হয়নি।

জেবিন বর্তমানে দেশের বাইরে আছেন। বাবার চিকিৎসার জন্যই তিনি দেশের বাইরে অবস্থান করছেন বলে জানান। এই সময়ে তার পুরো মনোযোগ বাবার চিকিৎসা ও পরিবারের প্রতি। কিন্তু এর মধ্যেই বাগদানের খবর শুনে ক্ষুব্ধ হয়েছেন অভিনেত্রী। এমন সংবেদনশীল সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশে বিব্রত হয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে কয়েকটি গণমাধ্যমের নাম উল্লেখপূর্বক ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন জেবিন। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন— ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, সম্প্রতি আমার কোনো বাগদান হয়নি। সংবাদটি সম্পূর্ণ ভুল এবং আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা তথ্য যাচাই না করেই প্রকাশ করা হয়েছে।’

জেবিন বলেন, ‘একজন শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং তথ্যের সত্যতা যাচাই করা গণমাধ্যমের দায়িত্ব। বিশেষ করে প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের কাছ থেকে এমন দায়িত্বশীলতাই প্রত্যাশিত।’

তিনি বলেন, ভুল সংবাদ শুধু একজন ব্যক্তির ভাবমূর্তিতে প্রভাব ফেলে না, এর প্রভাব পড়ে তার পরিবার ও ব্যক্তিগত জীবনেও। তাই সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই করা হোক। সংবাদ হোক তথ্যনির্ভর, অনুমাননির্ভর নয়।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *