নিজস্ব প্রতিবেদক :
দেশের চামড়াজাত শিল্প দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী, তাই এ শিল্পকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, দেশকে স্বনির্ভর এবং স্বয়ংসম্পূর্ণ করতে কুটির শিল্পের বিকল্প নেই।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ভবনের নিচতলায় ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। বিশেষ করে দেশের ‘ব্ল্যাক বেঙ্গল’ ছাগলের চামড়া বিশ্বে সমাদৃত। এ সম্পদকে কাজে লাগিয়ে উন্নত মানের জুতা ও অন্যান্য চামড়াজাত পণ্য উৎপাদন বাড়ানো সম্ভব।
এ সময় তিনি বলেন, প্রতিবছর কুরবানি ঈদে যে চামড়া সংগ্রহ করা হয় তা প্রক্রিয়াজাত করতেই হিমশিম খেতে হয়। আধুনিক যন্ত্রপাতি দিয়ে জুতার কারখানা তৈরি করতে পারলে শতভাগ জুতা রপ্তানি করা সম্ভব।চামড়া শিল্পের বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, ট্যানারি থেকে নির্গত রাসায়নিক বর্জ্য নদী, খাল-বিল ও পরিবেশে যাতে না পড়ে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বর্জ্য থেকে রাসায়নিক আলাদা করে পানি পুনর্ব্যবহারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।