নিজস্ব প্রতিবেদক:
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে ১ লাখ ৪৩ হাজার ৬২৬ জন কারাবন্দিকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।
সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত তাদের আইনি সহায়তা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ সেবার মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩১ হাজার ২২২ জন, ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৫১৪ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারের (টোল ফ্রি-১৬৬৯৯) মাধ্যমে ২ লাখ ১৪ হাজার ৪৭১ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৩৮০ জন।
সব মিলিয়ে এ পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে আইনগত সহায়তা পাওয়া উপকারভোগীর সংখ্যা ১৬ লাখ ১০ হাজার ৩৬৪ জন।আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সহায়তা দিতে প্রণীত ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন একটি সরকারি নিয়ন্ত্রিত সেবা সংস্থা।