আন্তর্জাতিক ডেক্স :
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শৈশবের বাড়িটি প্রায় ২৪ কোটি টাকায় বিক্রি হয়েছে। জুলাই মাসে নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতার সঙ্গে বাড়িটির বিক্রির চুক্তি হয়। এরপর শুক্রবার রিয়েল এস্টেট বিষয়ক ওয়েবসাইটগুলোতে বাড়িটির বিক্রয়মূল্য প্রকাশ করা হয়। এতে দেখা যায়, বাড়িটি ১৯ লাখ ৩০ হাজার ডলারে, অর্থাৎ প্রায় ২৩ কোটি ৮২ লাখ টাকায় বিক্রি হয়েছে।
প্রেসিডেন্ট চার বছর বয়স পর্যন্ত কুইন্সের টিউডর-শৈলীর এই বাড়িতে বসবাস করেছিলেন। তার বাবা, আবাসন নির্মাতা ফ্রেড ট্রাম্প, ১৯৪০ সালে অভিজাত এলাকা ‘জ্যামাইকা এস্টেটস’-এ বাড়িটি নির্মাণ করেছিলেন। দীর্ঘ সময় ধরে বাড়িটি আর ট্রাম্প পরিবারের মালিকানায় ছিল না।
বাড়িটির বিক্রেতা টমি লিন গত বছর ৮ লাখ ৩৫ হাজার ডলারে, অর্থাৎ প্রায় ১০ কোটি ৩০ লাখ টাকায় এটি কিনেছিলেন। এর আগে বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও অবহেলিত অবস্থায় পড়ে ছিল।
‘নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, পেশায় আবাসন নির্মাতা লিন বাড়িটির অভ্যন্তরীণ সাজসজ্জা ও সুযোগ-সুবিধা আধুনিকায়নে আট মাস ধরে আরও ৫ লাখ ডলার, অর্থাৎ প্রায় ৬ কোটি ১৭ লাখ টাকা ব্যয় করেন। এই সংস্কারের ফলে বাড়িটিতে শেফ-মানের রান্নাঘর, হেরিংবোন নকশার কাঠের মেঝে এবং স্পা-এর মতো বিলাসবহুল বাথরুম যুক্ত করা হয়।
জিলো’-র তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে বাড়িটির মালিকানা বেশ কয়েকবার হাতবদল হয়েছে। এর মধ্যে ২০১৭ সালে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার কয়েক মাস পরেই এটি ২১ লাখ ৪০ হাজার ডলারে, অর্থাৎ প্রায় ২৬ কোটি ৪০ লাখ টাকায় বিক্রি হয়েছিল।
বাড়িটির ক্রেতা ছিল ‘ট্রাম্প বার্থ হোম এলএলসি’ নামের একটি প্রতিষ্ঠান। একপর্যায়ে বাড়িটি ‘এয়ারবিএনবি’- তে ভাড়ার জন্য তালিকাভুক্ত করা হয়েছিল। সেখানে ট্রাম্পের বাস্তব আকারের কার্ডবোর্ড কাটআউট, তাঁর লেখা বই ‘দ্য আর্ট অব দ্য ডিল’-এর কপি এবং ট্রাম্পকে নিয়ে করা ‘পিপল’ ম্যাগাজিনের একটি বাঁধাই করা প্রচ্ছদও রাখা ছিল।
২০১৯ সালে বাড়িটি আবার ২৯ লাখ ডলার, অর্থাৎ প্রায় ৩৫ কোটি ৭৯ লাখ টাকা মূল্যে বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়। তবে লিন এটি কিনে নেওয়ার আগ পর্যন্ত বাড়িটি অবিক্রীতই ছিল।