নিজস্ব প্রতিবেদক:
ঝড়ের কবলে পড়ে ১৬ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে ভোলার একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় সাগরের মাঝে থাকা অন্য জেলেরা ডুবে যাওয়া ট্রলারের ১৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছেন মো. নিরব (৫০) নামে ট্রলারের এক মিস্ত্রি।
গতকাল রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর উপজেলা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে।
এছাড়া এ ঘটনায় উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন,ট্রলার মালিক ইউসুফ মাল, ট্রলারের মাঝি মো. নুরনবী, জেলে ইয়াছিন ও মাসুদসহ অন্য জেলেরা।
নিখোঁজের পরিবার ও সংশ্লিষ্টরা জানান, বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরার উদ্দেশ্যে গত ১৯ আগস্ট চরফ্যাশন আসলামপুর ইউনিয়নের নতুন স্লুইসগেট এলাকা থেকে ১৬ জন মাঝিমাল্লা নিয়ে ট্রলারটি সাগরে গিয়ে মাছ ধরা শুরু করে। এরই মধ্যে বৈরী আবহাওয়া শুরু হওয়ায় ট্রলারটি সাগরের তীরের দিকে আসছিল। একপর্যায়ে ঝড়ের কবলে পড়ে উল্টে ডুবে যায় ট্রলারটি। এরপর ট্রলারের জেলে ও মাঝিমাল্লাদের আশপাশে থাকা অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করলেও নিখোঁজ হন ট্রলারের মিস্ত্রি মো. নিরব।
নিখোঁজ নিরব মিস্ত্রির ভাই আব্দুর রহমান বলেন, গতকাল সন্ধ্যায় সাগরে ট্রলারডুবিতে আমার ছোট ভাই নিখোঁজ রয়েছেন। ২৪ ঘণ্টা হতে চললেও আমরা ভাইয়ের কোনো সন্ধান পাইনি। আমাদের পরিবার চরম উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে রয়েছি। কোস্টগার্ডের কাছে আমার নিখোঁজ ভাইয়ের সন্ধানে উদ্ধার অভিযান চালানোর দাবি জানাই। উদ্ধার হওয়া ব্যক্তিরা মহিপুর থেকে চরফ্যাশনে আসার জন্য রওনা হয়েছেন। তারা জানিয়েছেন, ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে গেছে।
চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে চরফ্যাশনের মো. নিরব নামে একজন নিখোঁজ রয়েছন, বাকিরা উদ্ধার হয়েছেন- কোস্টগার্ডকে অবহিত করেছি।