চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ককটেল বিস্ফোরণ-ফাঁকা গুলির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্লা শাহিনের বিরুদ্ধে ঝাড়ু হাতে রাস্তায় নেমেছেন এলাকাবাসী। কয়েকশ মানুষের বিক্ষোভ মিছিল থামাতে তার সমর্থকদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছোড়ার অভিযোগও উঠেছে। এতে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা চত্বর থেকে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয়রা।

মিছিলটি হরিরামপুর থানার দিকে এগিয়ে গেলে মোল্লা শাহিনের সমর্থকরা ককটেল বিস্ফোরণ ঘটান এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েন বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় মিছিলকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিক্ষোভকারীরা ধাওয়া দিলে মোল্লা শাহিনের সমর্থকরা সেখান থেকে পালিয়ে যান।

এরপর বিক্ষোভকারীরা উপজেলা চত্বরে ফিরে মানববন্ধন করেন। সেখানে বক্তারা বলেন, মোল্লা শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করে সত্যতা যাচাইয়ের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে জানতে মোল্লা শাহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে যেখানে ঝাড়ু হাতে মানুষ রাস্তায় নামার ঘটনা ঘটেছে, সেখানে মিছিল ঠেকাতে ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

হরিরামপুর থানার ওসি মো. আবজাল হোসেন জানান, এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে স্থানীরা নানা অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে। পক্ষান্তরে অপর পক্ষও পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করেছে। সাময়িক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *