২০২৬ ফিফা বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারালো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

স্পোর্টস ডেক্স :

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গোল দুটি করেছেন লাউতারো মার্তিনেজ ও জুলিয়ানো সিমিওনে।

বাংলাদেশ সময় রোববার (৭ জুন) ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কলেজ স্টেশনে কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হয় আলবিসেলেস্তেরা।

গ্যালারিতে উপস্থিত হাজারো আর্জেন্টাইন সমর্থক পুরো ম্যাচজুড়ে দলকে সমর্থন দিলেও তাদের সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসিকে মাঠে দেখা যায়নি। পেশির ক্লান্তি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় পুরো ম্যাচেই বেঞ্চে ছিলেন ৩৮ বছর বয়সি এই তারকা।

ম্যাচের ৩৭তম মিনিটে নিকোলাস তাগলিয়াফিকোর ওপর করা ফাউল থেকে পাওয়া পেনাল্টি সফলভাবে জালে জড়ান লাউতারো মার্তিনেজ। এর মাধ্যমে এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল।

বিরতির পর ৫১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনে। লাউতারোর চমৎকার ব্যাকহিল পাস থেকে কাছাকাছি দূরত্ব থেকে বল জালে পাঠান তিনি।

দ্বিতীয় গোলের পর একাধিক পরিবর্তন আনেন কোচ স্কালোনি। তবে মাঠে নামানো হয়নি মেসিকে। গত ২৫ মে ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচ খেলতে গিয়ে সামান্য চোট পান তিনি। এরপর থেকেই পর্যবেক্ষণে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের আগে স্কালোনি জানান, মেসির অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তিনি দলের সঙ্গে আংশিক অনুশীলনও করেছেন। তবে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।

আগামী ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *