নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলায় হোসাইন আহমেদ (২৬) নামের এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয়েছে।
হোসাইন আহমেদ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামের দুলা মিয়ার ছেলে এবং গজনাইপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য। তিনি গজনাইপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী, নবীগঞ্জ উপজেলা তারেক পরিষদের যুগ্ন আহ্বায়ক, মুশহাদা সংগঠনের সদস্যসচিব এবং দিনারপুর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ডিডিএ)-এর সদস্য পরিচয় ব্যবহার করে আসছিলেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবপাড়া ইউনিয়নের এক বিবাহিত নারীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে হোসাইন আহমেদের পরিচয় হয়। এর পর থেকে দীর্ঘদিন ধরে তিনি ওই নারীকে বিভিন্নভাবে বিরক্ত ও উত্ত্যক্ত করে আসছিলেন। হোসাইন গত সোমবার গভীর রাতে ওই গৃহবধূর বাড়ির পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে তাঁকে ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর চিৎকার শুনে পাশের ঘর থেকে মা-বাবা তাঁর ঘরে গিয়ে হোসাইনকে ধরে ফেলেন। পরে প্রতিবেশীরা গিয়ে তাঁকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় হোসাইন আহমেদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া জানান, ভুক্তভোগীর পরিবারের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।