চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা

স্পোর্টস ডেক্স :

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘ চার বছর পর ওয়ানডে দলে ফিরলেন ৩০ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোসাদ্দেকের ফেরার দিনে স্কোয়াডে সুযোগ পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও।

গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুই ব্যাটার আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম ভূঁইয়া। তাদের জায়গায় দলে ফেরানো হয়েছে মোসাদ্দেক ও সোহানকে। মোসাদ্দেক হোসেন সৈকত সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২২ সালের আগস্টে। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবার আবাহনী লিমিটেডের হয়ে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটিসহ ধারাবাহিক ছিলেন তিনি। মূলত এই পারফরম্যান্সের ওপর আস্থা রেখেই নির্বাচকেরা তাকে ওয়ানডে দলে ফিরিয়েছেন। অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজে দলের বাইরে থাকার পর আবারও স্কোয়াডে ডাক পেলেন নুরুল হাসান সোহান।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য এই দল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ জুন মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে মাঠের লড়াই। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন এবং তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১৪ জুন। সিরিজের তিনটি ম্যাচই শুরু হবে সকাল ১১টায়।

প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *