৭ দিন পর আমদানি-রপ্তানি শুরু বাংলাবান্ধা স্থলবন্দরে

নিজস্ব প্রতিবেদক :

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য ও দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল থেকে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়।

এর আগে বাংলাবান্ধা স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল। তবে এই সময়েও ইমিগ্রেশন চেকপোস্ট এবং ই-গেট সেবা চালু ছিল।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল এবং কোনো ভোগান্তি হয়নি।

অন্যদিকে ই-গেটের কম্পিউটার অপারেটর রশিদ রানা জানান, ছুটির সময়ও যাত্রীদের সুবিধার্থে ই-গেট কার্যক্রম সচল রাখা হয়েছিল। ছুটি শেষে বাণিজ্য শুরু হওয়ায় বন্দরে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *