চাঁদা না দেওয়ায় প্রবাসীর পুকুরে বিষ, বিএনপি নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

জমিসংক্রান্ত বিরোধ ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে রাজবাড়ীর পাংশায় এক প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। একই সঙ্গে প্রকাশ্য দিবালোকে প্রজেক্টে ভাঙচুর ও লুটপাট চালানোরও অভিযোগ রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালাম মণ্ডলকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামে সিঙ্গাপুরপ্রবাসী মো. আসাদ মণ্ডলের মাছের পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে পুকুরে থাকা প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মাছ মারা যায়।ভুক্তভোগী আসাদ মণ্ডল জানান, দীর্ঘ ১৬-১৭ বছর ধরে সিঙ্গাপুরে কষ্টার্জিত অর্থ দিয়ে এলাকায় মাছের প্রজেক্ট গড়ে তুলেছেন তিনি। সম্প্রতি স্থানীয় যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মণ্ডল তার কাছে চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে নানাভাবে হয়রানি করা শুরু হয় বলে অভিযোগ করেন আসাদ মণ্ডল। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে বহিরাগতদের নিয়ে তার প্রজেক্টে হামলা চালিয়ে সীমানাপ্রাচীর ভাঙচুর এবং পুকুরপাড় থেকে প্রায় ৫০ কাঁদি কলা কেটে নিয়ে যান অভিযুক্তরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীরা যাওয়ার সময় তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এরপর একই রাতে পুকুরে বিষ প্রয়োগ করা হয়।

এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি সঞ্জয় কুমার ঘোষ বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কালাম মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *