তীব্র স্রোতে পন্টুনের ফিঙ্গার ভেঙে ঘাট বন্ধ, দৌলতদিয়ায় ২ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক:

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে আটকে থেকে দূরপাল্লার যানবাহনের যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল ৫টা পর্যন্ত ঘাটটি চালু করা সম্ভব হয়নি।

এদিন দুপুরে সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, বাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় থাকা এসব যানবাহনের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

এর আগে বুধবার দুপুরে তীব্র স্রোতের ধাক্কায় দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটের পন্টুনের ফিঙ্গার ভেঙে যায়। এরপর থেকে ঘাটটি বন্ধ রেখে মেরামতের কাজ চলছে।

সৌহার্দ্য পরিবহণের চালক সোহাগ মিয়া বলেন, প্রায় দুই ঘণ্টা আগে ঘাটে এসে মহাসড়কের দীর্ঘ সারিতে আটকা পড়েছি। এখনো ফেরিতে উঠতে পারিনি। আমার গাড়িতে প্রায় ৫০ জন যাত্রী রয়েছেন। তাদের মধ্যে শিশু ও নারীও আছেন। দীর্ঘ সময় গাড়িতে আটকে থাকায় তাদের অনেক কষ্ট হচ্ছে।

সোহাগ পরিবহণের চালক সবুজ শেখ বলেন, প্রায় তিন ঘণ্টা ধরে জ্যামে আটকে আছি। নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছানো সম্ভব হবে না। গাড়িতে অনেক যাত্রী রয়েছেন। সময়মতো ঢাকা পৌঁছাতে না পারলে তাদের নানা সমস্যায় পড়তে হবে।

বেনাপোল থেকে আসা কাভার্ডভ্যান চালক রহিস উদ্দিন বলেন, তার গাড়িতে গার্মেন্টসের কাঁচামাল রয়েছে, যা গাজীপুরে নিয়ে যেতে হবে। সময়মতো মালামাল পৌঁছে দিতে না পারলে তাদের উভয়েরই সমস্যায় পড়তে হবে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম-বাণিজ্য) মো. সালাউদ্দিন বলেন, নদীতে তীব্র স্রোতের কারণে বুধবার দুপুর ২টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটের পন্টুন ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে ঘাটটি বন্ধ রেখে মেরামতের কাজ চলছে। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত ঘাটটি চালু করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, নাব্যতা সংকটের কারণে ৭ নম্বর ফেরিঘাটও বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে। সেখানে বিআইডব্লিউটিএর উদ্যোগে ড্রেজিং চলছে।

মো. সালাউদ্দিন জানান, নদীতে তীব্র স্রোতের কারণে বর্তমানে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দৌলতদিয়ায় বর্তমানে ৪ ও ৬ নম্বর ঘাট দিয়ে ফেরি চলাচল সচল রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *