নিজস্ব প্রতিবেদক :
পাবনার সাঁথিয়ায় ভিমরুলের কামড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারী গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে শিশু দুটির মৃত্যু হয়।
নিহতরা হলো, উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েসবাড়ি গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান হোসেন (৩) এবং একই এলাকার সুজন হোসেনের ছেলে আরাফাত হোসেন (৪)।
নিহতদের পারিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে রোহান ও আরাফাত বাড়ির পাশে বাগানের মধ্যে খেলার সময় ভিমরুলের মাটির বাসায় পাট কাঠি দিয়ে আঘাত করার ফলে বিপুল পরিমাণ ভিমরুল তাদের আক্রমণ করে। এ সময় শিশু দুটির চিৎকারে পাশে থাকা একটি শিশুর মা তাদের বাঁচাতে এগিয়ে এলে তাকেও আক্রমণ করে ভিমরুল। কোনোমতে পরবর্তীতে শিশু দুটিকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যান সেই মা। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে শিশু দুটির মৃত্যু হয়। আতাইকুলা থানার ওসি মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।