তুরাগে দুই শিশু নিখোঁজ, ২০ ঘণ্টা পর ১ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গী তুরাগ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বর্তমানে নদ থেকে নিখোঁজ অপর শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১টার দিকে টঙ্গীর তুরাগ নদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুটির নাম মো. আবু ইউনুস (১০)। সে টঙ্গী বউবাজার এলাকার আলী কমিশনারের বাড়ির ভাড়াটিয়া শাহজাহান মিয়ার ছেলে। নিখোঁজ অপর শিশুর নাম নিরব (৯)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে টঙ্গীর তুরাগ নদের জামাই বাজার রেলওয়ে ব্রিজের নিচে মাছ ধরতে যায় ইউনুস ও নিরব। মাছ ধরার একপর্যায়ে নদের তীব্র স্রোতে ভেসে গিয়ে তারা দুজনেই নিখোঁজ হয়। ঘটনাটি জানার পরপরই স্থানীয়রা টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

তবে আলোর স্বল্পতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে বুধবার রাত সাড়ে ৭টার দিকে প্রথম দিনের মতো উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করা হয়। পরদিন বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় উদ্ধার তৎপরতা চালায়। ডুবুরিদের টানা অভিযানের পর বেলা ১টার দিকে নিখোঁজ আবু ইউনুসের মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, বুধবার বিকেলে শিশুদের নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই আমাদের টিম উদ্ধার কাজ শুরু করে। গত রাতে অন্ধকারের কারণে স্থগিত থাকলেও আজ সকাল থেকে ডুবুরি দল পুরোদমে কাজ শুরু করে বেলা ১টার দিকে শিশু আবু ইউনুসের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ অপর শিশু নিরবকে উদ্ধারে নদীতে আমাদের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *