এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির বিক্ষোভ মিছিলচট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানকে ইজারা না দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি। একই সঙ্গে এ দাবিতে ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর ভবনের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার নগরের বারিক বিল্ডিং এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বন্দর অভিমুখে যায়। পৌনে ১২টার দিকে মিছিলটি বন্দরের ২ নম্বর গেটের সামনে পৌঁছালে পুলিশের অনুরোধে সেখানেই কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা।

মিছিলে ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’, ‘আমার মাটি আমার মা বিদেশিদের দেব না’, ‘দুনিয়ায় মজদুর এক হও লড়াই করো’ এবং ‘বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিলের আগে সমাবেশে প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত সিসিটি ও এনসিটি কোনো দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া উচিত নয়।

তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দর সোনার ডিম পাড়া হাঁস। সোনার ডিম নয়, পুরো হাঁসটিই খেয়ে ফেলতে চায়।’ বন্দরের সম্পদ ও পরিচালনা নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তিনি।

দেলোয়ার মজুমদার বলেন, তাদের আন্দোলন সরকারবিরোধী নয়। জনগণের স্বার্থে সরকারকে জনগণের দিকে টেনে আনার আন্দোলন এটি।

পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতে বন্দরের ২ নম্বর গেটের সামনে মিছিল শেষ করা হয়েছে জানিয়ে তিনি আগামী ৫ অক্টোবর বন্দর ভবনের গেটে সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

আন্দোলনকারীদের অভিযোগ, দেশের প্রধান সমুদ্রবন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোর পরিচালনা ও ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগ জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ইজারা প্রক্রিয়া বন্ধ করে বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় টার্মিনাল পরিচালনার দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *