মহাসড়কের পাশে নানার সঙ্গে দাঁড়িয়ে ছিল স্কুলছাত্র, পিষে দিল বাস

নিজস্ব প্রতিবেদক:

নানা বাড়িতে বেড়াতে এসে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল ছয় বছরের মাহির হোসেন। বরিশালে যাওয়ার জন্য নানার সঙ্গে গাড়ির অপেক্ষা করছিল সে। এ সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার হাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহির উপজেলার দক্ষিণ মুসুল্লিয়াবাদ গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। সে দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্লে শ্রেণির শিক্ষার্থী। তার বাবা কুয়াকাটা পৌরসভা এলাকার বাসিন্দা এবং পেশায় ঝিনুক ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই দিন আগে বাবা-মায়ের সঙ্গে হাজীপুর এলাকায় নানা ওহিদ শিকদারের বাড়িতে বেড়াতে আসে মাহির। সোমবার দুপুরে নানার সঙ্গে বরিশালে যাওয়ার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছিল। এ সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫৬৪৩৫) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি ও চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *