নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. মজিবর মৃধা (৬১) নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আজ রোববার চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় দেন। দণ্ডিত মজিবর মৃধা বরিশালের বাকেরগঞ্জ থানার দিয়াতলী এলাকার মৃত কাদের মৃধার ছেলে।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে শিশুটিকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, শিশুটির মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে তিনি মেয়েকে পাশের একটি বাসায় রেখে কাজে চলে যান। ওই সময় বাসায় শিশুটি একা ছিল। অভিযোগ অনুযায়ী, এ সুযোগে মজিবর মৃধা প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের একটি বাসায় নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন।
পরদিন শিশুটি গোপনাঙ্গে প্রচণ্ড ব্যথা হচ্ছে জানিয়ে কান্নাকাটি ও চিৎকার করতে থাকে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা করানো হয়। পরে শিশুটির মা বাদী হয়ে ২০১৫ সালের ১০ ডিসেম্বর হালিশহর থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে হালিশহর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জমির উদ্দীন ২০১৬ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ট্রাইব্যুনালে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলে মামলাটির বিচার শুরু হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত মজিবর মৃধাকে দোষী সাব্যস্ত করেন। এরপর তাকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।