সূচি ঘোষণা আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন

স্পোর্টস ডেক্স :

আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হচ্ছে প্রথম ফিফা আসিয়ান কাপ। ৪ অক্টোবর পর্যন্ত চলা এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। বুধবার বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলোর সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় দুপুর ৩টায় জাকার্তার গেলোরা বান কার্নো স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এর দুই দিন পর, ২৮ সেপ্টেম্বর একই মাঠ ও একই সময়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে লাল-সবুজের শেষ ম্যাচ স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। ১ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গেলোরা বান কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের সঙ্গে চীন, ভারত ও হংকংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারত ও চীন নাম প্রত্যাহার করে নেওয়ায় তাদের জায়গায় পাকিস্তান ও বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়। ফিফার আমন্ত্রণ পাওয়ার পরই টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় বাফুফে।

টুর্নামেন্টকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল নিয়ে ক্যাম্প করছে বাংলাদেশ। প্রধান কোচ টমাস ডুলির অধীনে চলছে প্রস্তুতি। বিদেশি লিগে খেলা হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলাম বর্তমানে ক্যাম্পে নেই। তবে চূড়ান্ত দলে তাদের থাকার কথা এবং টুর্নামেন্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন তারা। প্রাথমিক দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন সৌরভ দেওয়ান ও মিনহাজুল করিম।ফিফা আরব কাপের আদলে গত বছর আসিয়ান কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছর ফিফা কংগ্রেসে অনুমোদনের পর এবারই প্রথম মাঠে গড়াচ্ছে এই প্রতিযোগিতা।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *