ইঁদুর-উইপোকায় খেল কৃষকের দুই লাখ টাকা, পাশে দাঁড়ালেন সৌদি প্রবাসী

নিজস্ব প্রতিবেদক:

‘ইঁদুর-উইপোকা নষ্ট করল কৃষকের দুই লাখ টাকা’- শিরোনামে দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ প্রচারের পর কৃষকের পাশে দাঁড়িয়েছেন মিজানুর রহমান সুমন নামের এক সৌদি আরব প্রবাসী।

‎তিল তিল করে কষ্টে জমানো দুই লাখ টাকা। সেই টাকা দিয়ে জমি বন্ধক নিয়ে নতুন করে কৃষিকাজ শুরু করে সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কৃষক তোফাজ্জল হোসেন (৭২); কিন্তু ঘরে রাখা সেই সঞ্চয় ইঁদুর ও উইপোকার কবলে পড়ে নষ্ট হয়ে যায়। চোখের সামনে সঞ্চয়ের টাকা নষ্ট হতে দেখে ভেঙে পড়েন তিনি।

বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এবার অসহায় এই কৃষকের পাশে দাঁড়িয়েছেন সৌদি আরব প্রবাসী ওই ব্যবসায়ী। তিনি কৃষক তোফাজ্জল হোসেনকে দিয়েছেন নগদ দুই লাখ টাকা।

‎এ বিষয়ে হাবিবুর রহমান জনি বলেন, আমার বড় ভাই সৌদিতে ব্যবসা-বাণিজ্য করেন। তিনি সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তোফাজ্জল হোসেনের কষ্টের কথা গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি তার নজরে আসে। তার নির্দেশেই আমি এখানে এসে তোফাজ্জল ভাইয়ের হাতে দুই লাখ টাকা তুলে দিয়েছি।

‎সহায়তার টাকা হাতে পেয়ে দীর্ঘদিনের দুশ্চিন্তা অনেকটাই কেটে গেছে তোফাজ্জল হোসেন ও তার পরিবারের। এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা।

‎তোফাজ্জলের মেয়ে মোরশেদা বেগম বলেন, বাবার কষ্টের টাকা নষ্ট হয়ে যাওয়ার পর আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম। এখন প্রবাসী ভাইয়ের সহায়তায় আমাদের পরিবার অনেকটা স্বস্তি পেয়েছে। আমরা তার প্রতি কৃতজ্ঞ।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *