পুকুরে নিভে গেল দুই ভাইয়ের প্রাণ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মাদ্রাসা থেকে ফেরার পথে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার সুন্দরপুর একখুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- একখুলিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদ এবং আবদুর শুক্করের ছেলে তাসিন। তারা একে অপরের চাচাতো ভাই। তাদের দুজনেরই বয়স মাত্র ৮ বছর। জাহিদ ও তাসিন স্থানীয় একখুলিয়া দারুস সুন্নাহ নুরানি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, মাদ্রাসা ছুটির পর চার বন্ধু একসঙ্গে বাড়ি ফিরে একটি পুকুরে গোসল করতে নামে। চারজনের কেউই সাঁতার জানত না। গোসলের একপর্যায়ে দুইজন পানিতে ডুবে যেতে থাকে। এ সময় অপর দুজন কোনোভাবে পুকুরের পাড়ে উঠে আসতে সক্ষম হয়। তবে জাহিদ ও তাসিন পানিতে তলিয়ে যায়। অপর দুই শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন।

প্রত্যক্ষদর্শী মো. ইমরান বলেন, ঘটনার পরপরই শিশুদের ফুফু চিৎকার করে লোকজনকে বিষয়টি জানান। তার চিৎকার শুনে স্থানীয়রা পুকুরের কাছে ছুটে আসেন। ইয়াকুব নামে এক ব্যক্তি কোনো ধরনের দেরি না করে পুকুরে ঝাঁপ দেন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তিনি পানির নিচ থেকে জাহিদ ও তাসিনকে উদ্ধার করেন।

ততক্ষণে পুকুরপাড়ে জড়ো হন স্থানীয় লোকজন ও স্বজনরা। দুই শিশুকে দ্রুত পানি থেকে তুলে তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কামরুল বলেন, পুকুরে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *