অভিনেত্রী শেলি ফ্যাবারেস মারা গেছেন

বিনোদন ডেক্স :

জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘দ্য ডোনা রিড শো’ ও ‘কোচ’-এর অভিনেত্রী শেলি ফ্যাবারেস মারা গেছেন। শনিবার লস অ্যাঞ্জেলেসে অসুস্থতার পর শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। স্বজনদের মধ্যে রয়েছেন তার স্বামী ও ‘এমএএস*এইচ’খ্যাত অভিনেতা মাইক ফ্যারেল। ১৯৮৪ সালে তারা বিয়ে করেছিলেন।

এক বিবৃতিতে পরিবার জানায়, শেলি তার পরিবার ও বন্ধুদের কাছে ভালোবাসা, শক্তি, হাসি ও স্বস্তির উৎস ছিলেন। তাঁর উষ্ণতা, উদারতা, রসবোধ ও ব্যক্তিত্ব তাঁকে কাছের মানুষদের জীবনে বিশেষ করে তুলেছিল।

১৯৫৮ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত আট মৌসুম প্রচারিত ‘দ্য ডোনা রিড শো’-তে মেরি স্টোন চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান শেলি। তার চরিত্রটি ছিল ডোনা স্টোনের কিশোরী মেয়ে। ডোনা চরিত্রে অভিনয় করেছিলেন ডোনা রিড, আর তার বাবার চরিত্রে ছিলেন কার্ল বেটজ।

জাতীয় পর্যায়ে জনপ্রিয়তা পাওয়ার পর গানেও ভাগ্য পরীক্ষা করেন শেলি। ১৯৬২ সালে তার গাওয়া ‘জনি অ্যাঞ্জেল’ গানটি বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে উঠে আসে। যদিও পরবর্তী সময়ে শেলি নিজেই মজা করে জানিয়েছিলেন, তিনি আসলে ভালো গান গাইতে পারতেন না এবং গানটির জন্য অনেকটা ডাবিংয়ের ওপর নির্ভর করতে হয়েছিল।

টেলিভিশনের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন শেলি। ১৯৬০-এর দশকে জনপ্রিয় গায়ক ও অভিনেতা এলভিস প্রিসলির সঙ্গে পরপর তিনটি সিনেমায় অভিনয় করেন তিনি।

সিনেমাগুলো হলো ‘গার্ল হ্যাপি’ (১৯৬৫), ‘স্পিনআউট’ (১৯৬৬) এবং ‘ক্ল্যামবেক’ (১৯৬৭)।

এলভিসের সঙ্গে প্রথম সিনেমার শুটিংয়ের স্মৃতিচারণা করে এক সাক্ষাৎকারে শেলি জানিয়েছিলেন, সেটে এলভিসকে প্রথমবার হাঁটতে দেখেই সবাই যেন থমকে গিয়েছিলেন। তাঁর উপস্থিতি এতটাই আকর্ষণীয় ছিল যে কারও মুখে কথা আসছিল না বলেও মন্তব্য করেছিলেন অভিনেত্রী।

পরবর্তী সময়ে শেলি ফ্যাবারেস অভিনয় করেন জনপ্রিয় কমেডি সিরিজ ‘কোচ’-এ। আট মৌসুম ধরে এতে ক্রিস্টিন আর্মস্ট্রং চরিত্রে অভিনয় করেন তিনি। চরিত্রটি ছিল একজন টেলিভিশন সংবাদ উপস্থাপক, যিনি পরে ক্রেইগ টি. নেলসনের চরিত্র হেইডেন ফক্সের প্রেমিকা ও স্ত্রী হন। এই চরিত্রের জন্য শেলি দুবার এমি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছিলেন।

এ ছাড়া ‘ওয়ান ডে অ্যাট আ টাইম’ সিরিজেও ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেন তিনি। ১৯৭১ সালের টেলিভিশন সিনেমা ‘ব্রায়ান’স সং’-এ প্রয়াত ফুটবলার ব্রায়ান পিকোলোর স্ত্রী হিসেবে অভিনয় করেও প্রশংসা পান।

১৯৪৪ সালের ১৯ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় জন্ম শেলির। মাত্র ৩ বছর বয়সে তার মা তাকে মডেলিংয়ে নিয়ে আসেন। সেখান থেকেই টেলিভিশনে কাজের সুযোগ পান তিনি। ৯ বছর বয়সে ফ্র্যাঙ্ক সিনাত্রার সঙ্গে টেলিভিশন অনুষ্ঠানে দেখা যায় তাকে।

২০০০ সালের অক্টোবরে শেলির লিভার প্রতিস্থাপন করা হয়েছিল। এর আগে প্রায় দুই বছর তিনি প্রতিস্থাপনের জন্য অপেক্ষমাণ তালিকায় ছিলেন। দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন ও সিনেমায় অসংখ্য কাজের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেত্রী। সূত্র: পিপল

 

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *