ফের ক্যান্সারের সঙ্গে লড়াই, দোয়া চাইলেন সামিয়া

বিনোদন ডেক্স :

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের লড়াইয়ের পর আবারও নতুন পরীক্ষার মুখোমুখি হয়েছেন উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। মাত্র তিন মাস আগে তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট ধরা পড়ে। এবার আক্রান্ত হয়েছেন ওভারিয়ান ক্যান্সারে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজের বর্তমান চিকিৎসা ও মানসিক প্রস্তুতির কথা জানিয়ে দোয়া চেয়েছেন তিনি।

রোববার রাতে দেওয়া পোস্টে সামিয়া জানান, তিন মাস আগে পরীক্ষায় তার শরীরে দ্বিতীয় ম্যালিগন্যান্ট শনাক্ত হয়। দ্রুত অস্ত্রোপচার করতে হয়েছে। পরে চিকিৎসকরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা। তাই এখন কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে।

ক্যান্সারের সঙ্গে লড়াই অবশ্য সামিয়ার জন্য নতুন নয়। প্রায় পাঁচ বছর ধরে এই কঠিন সময় পার করছেন তিনি। প্রথমবার ক্যান্সার ধরা পড়ার পর কেমোথেরাপি নিতে হয়নি; ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা নিয়েছিলেন। এবারকার অভিজ্ঞতা তাই তার জন্য সম্পূর্ণ ভিন্ন।

নিজের এই যাত্রার একটি ছোট ভিডিওও শেয়ার করে তিনি লিখেছেন, “ডাক্তার বলেছেন, কেমোর কারণে চুল পড়ে যেতে পারে। তাই বিষয়টাকে নিয়ে মন খারাপ না করে বরং স্পন্টেনিয়াসলি অ্যাকসেপ্ট করার সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু নিয়ে মন খারাপ করে তো লাভ নেই—সময়ের সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করতে পারাটাই আসল।”

ক্যান্সারের এই লড়াই কতটা কঠিন, তা যারা নিজেরা এই পথ পাড়ি দিয়েছেন, তারাই সবচেয়ে ভালো জানেন- বলেছেন সামিয়া। তবে কঠিন বাস্তবতার মাঝেও সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াকেই তিনি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

এর আগে ২০২৫ সালের মার্চে নিজের ক্যান্সরজয়ের গল্প প্রকাশ্যে এনেছিলেন সামিয়া। তখন জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তার শরীরে ক্যান্সার শনাক্ত হয় এবং পরীক্ষায় চতুর্থ স্টেজের কথা জানা যায়। প্রায় দুই বছর চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। সেই অভিজ্ঞতার পর ক্যান্সারে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে একটি ফাউন্ডেশনের মাধ্যমে কাজও শুরু করেন। ক্যানসার

এবার আবার চিকিৎসার কঠিন সময় পার করতে গিয়ে সামিয়া সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি লিখেছেন, “সবাই আমার জন্য দোয়া করবেন—আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন, আগেরবারের মতো এবারও যেন আমার শক্তিটা ধরে রাখতে পারি এবং খুব শিগগিরই আমার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারি।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *