ব্রহ্মাস্ত্র ২’-এ ছোট চরিত্রে ফিরছেন আলিয়া

বিনোদন ডেক্স :

অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত হিন্দি সিনেমা ‘ব্রহ্মাস্ত্র ২’। ‘রামায়ণ’ ছবির দ্বিতীয় ভাগের কাজ শেষ করেই নতুন এই কিস্তির শুটিং শুরু করবেন রণবীর কাপুর। জোর গুঞ্জন রয়েছে, ২০২৭ সালের এপ্রিল থেকে ছবিটির দৃশ্যধারণ শুরু হতে যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় পর্বে দেব এবং শিবা—উভয় চরিত্রেই দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর। আর দেবের স্ত্রী ‘অমৃতা’র চরিত্রে থাকবেন দীপিকা পাড়ুকোন।

আর প্রথম পর্বে মূল চরিত্রে থাকা আলিয়া ভাটকে এবার অপেক্ষাকৃত ছোট ভূমিকায় দেখা যাবে।

ব্রহ্মাস্ত্র ২’-এ তার শুটিংয়ের সময়সীমা ধার্য করা হয়েছে মাত্র ২৫ দিন। মূলত প্রথম পর্বের শেষাংশে দেব ও অমৃতার যে অতীত কাহিনীর ইঙ্গিত দেওয়া হয়েছিল, তা কেন্দ্র করেই আবর্তিত হবে এই পর্বের মূল গল্প।

বলিউডভিত্তিক সংবাদমাধ্যম ‘বলিউড হাঙ্গামা’র সূত্রমতে, সিনেমাটির মোট চিত্রগ্রহণের পরিকল্পনা করা হয়েছে প্রায় ১২৫ দিনের। দ্বিতীয় পর্বে রণবীর ও দীপিকার চরিত্র প্রাধান্য পেলেও, ‘ব্রহ্মাস্ত্র ৩’-এ দীপিকার পাশাপাশি সমান্তরাল প্রধান চরিত্রে ফিরবেন আলিয়া ভাট। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’-তে রণবীর ও আলিয়ার পাশাপাশি অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায় এবং অতিথি চরিত্রে শাহরুখ খান অভিনয় করেছিলেন।  বর্তমানে আলিয়া ভাট ব্যস্ত রয়েছেন সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার কাজ নিয়ে। এতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। ছবিটি ২০২৭ সালের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এ ছাড়া আলিয়ার ঝুলিতে রয়েছে ‘আলফা’ এবং ইতালীয় থ্রিলার ‘দ্য হাউজমেড’-এর হিন্দি রিমেকের মতো আলোচিত প্রজেক্ট।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *