হাঁস নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাটের কচুয়ায় গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বেদার মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে কাইয়ুম (২৬) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ভান্ডারখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেদার মল্লিক ওই এলাকার বাসিন্দা। স্থানীয় ও পরিবারের সদস্যদের ভাষ্য, পাশের বাড়ির এক নারীর গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে বেদার মল্লিকের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

বেদার মল্লিকের পরিবারের অভিযোগ, পাশের বাড়ির রমজান, তার স্ত্রী লামিয়া, বাবা-মা ও ছেলে লাঠি এবং দরজার ডাসা দিয়ে বেদার মল্লিক, তার স্ত্রী হালিমা, ছেলে কাইয়ুম ও পুত্রবধূ সুমিকে মারধর করেন।

এতে বেদার মল্লিক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত কাইয়ুম বর্তমানে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পরিবারের আরও দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় রমজান, তার স্ত্রী লামিয়া ও মা ফাতেমাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কচুয়া থানার ওসি আব্দুল্লাহ মামুন বলেন, গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এতে বেদার মল্লিক নামে একজন নিহত এবং তার ছেলে আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *