গরুবোঝাই পিকআপ ছিনতাই, চালক ও ব্যবসায়ীকে মারধর

নিজস্ব প্রতিবেদক :

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে গরুবোঝাই একটি পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় গাড়ির কাচ ভাঙচুর করে চালক ও ব্যবসায়ীকে মারধর এবং চোখ বেঁধে আটকে রাখে দুর্বৃত্তরা।

গত সোমবার রাত ১টার দিকে ভালুকা উপজেলার হাজিরবাজার এলাকার জিঞ্জিরার মাজার-সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভালুকা থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে হালুয়াঘাট উপজেলার মুন্সিহাট বাজার থেকে লাল, কালো ও কাজলা রঙের বড় আকারের তিনটি গরু কিনে পিকআপ ভ্যানে ঢাকার দক্ষিণখানের উদ্দেশে রওনা হন ব্যবসায়ীরা। গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ছয় লাখ ১৬ হাজার টাকা। পিকআপটি রাত ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজিরবাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি সাদা রঙের পিকআপ তাদের গতিরোধ করে। মুহূর্তের মধ্যে ওই গাড়ি থেকে সাত-আটজনের একটি দল অস্ত্র ও রড নিয়ে হামলা চালায়। তারা গরুবোঝাই পিকআপের কাচ ভেঙে ফেলে এবং চালক সাইফুল ইসলামকে জোর করে তাদের গাড়িতে তুলে নেয়। পরে ছিনতাইকারীরা গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম ও চালক সাইফুল ইসলামের চোখে কালো কাপড় বেঁধে প্রায় ২০ মিনিট বিভিন্ন স্থানে ঘুরিয়ে মারধর করে। সুযোগ বুঝে পিকআপের হেলপার সাগর পালিয়ে গিয়ে ভালুকা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে ছিনতাইকারীরা গরু ও পিকআপ নিয়ে পালিয়ে যায়।

গরু ব্যবসায়ী আব্দুস সামাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনাটি জানার পরপরই থানায় অভিযোগ জানাতে গেলেও প্রথমে পুলিশ তা গ্রহণে নানাভাবে বিলম্ব করে। পরে মঙ্গলবার দুপুর ১টার দিকে অভিযোগটি এজাহার হিসেবে নেওয়া হয়।ভালুকা থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলামের ভাষ্য, একটি গাড়ি দিয়ে আরেকটি গাড়ির গতিরোধ করে তিনটি গরু লুটের ঘটনা ঘটে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। লুট হওয়া গরু ও গাড়ি উদ্ধারসহ অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *