শনির আখড়ায় নতুন ‘আল হেরা রেস্টুরেন্ট, ফুডকোর্ট অ্যান্ড পার্টি সেন্টার’ ঘিরে অনুমোদন ও অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশ্ন

 

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর কদমতলীর শনির আখড়া হাইওয়ের নিচে, মন্দির সংলগ্ন এলাকায় সম্প্রতি চালু হয়েছে ‘আল হেরা রেস্টুরেন্ট, ফুডকোর্ট অ্যান্ড পার্টি সেন্টার’। উদ্বোধনের পর থেকেই প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় সরকারি অনুমোদন, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং সেবার মান নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, একটি রেস্টুরেন্ট, ফুডকোর্ট ও পার্টি সেন্টার পরিচালনার ক্ষেত্রে শুধু ট্রেড লাইসেন্স থাকাই যথেষ্ট নয়। ব্যবসার ধরন অনুযায়ী ট্রেড লাইসেন্স, টিআইএন, ভ্যাট (বিন) নিবন্ধন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রয়োজনীয় নিবন্ধন, ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সংক্রান্ত অনুমোদনসহ অন্যান্য আইনগত শর্ত পূরণ করা বাধ্যতামূলক।
এছাড়া অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক ফায়ার এক্সটিংগুইশার, জরুরি বহির্গমন পথ (ইমার্জেন্সি এক্সিট), ফায়ার অ্যালার্ম ব্যবস্থা, নিরাপদ গ্যাস ও বৈদ্যুতিক সংযোগ এবং প্রশিক্ষিত কর্মী রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
খাদ্য নিরাপত্তার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। তাদের মতে, বিশুদ্ধ পানির ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত রান্নাঘর, পরিচ্ছন্ন টয়লেট, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা এবং নিরাপদ খাদ্য বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
এদিকে কয়েকজন ভোক্তা অভিযোগ করেছেন, প্রায় ৪০ টাকা মূল্যের সাধারণ লাচ্ছিকে “মিল্ক শেক” নামে ২২০ টাকায় বিক্রির চেষ্টা করা হয়েছে। পাশাপাশি কর্মীদের আচরণ ও সার্ভিস নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তারা। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠানটি চালুর আগে সব ধরনের আইনগত অনুমোদন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে যাচাই করা হোক। প্রয়োজনীয় অনুমোদন বা নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ‘আল হেরা রেস্টুরেন্ট, ফুডকোর্ট অ্যান্ড পার্টি সেন্টার’-এর কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *