স্বাধীনতা দিবসে নিউইয়র্কে ৮ জন গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেক্স :

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউইয়র্ক শহরের উপকূলীয় আবাসিক এলাকা কোনি আইল্যান্ডে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। নিউইয়র্ক নগর পুলিশকে (এনওয়াইপিডি) উদ্ধৃত করে গতকাল রোববার এ খবর জানিয়েছে এবিসি নিউজ।

এনওয়াইপিডি এবিসি নিউজকে এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিনের ওয়েস্ট ৩১ স্ট্রিটে গোলাগুলির খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং চার শিশু রয়েছে। গুলিবিদ্ধ শিশুদের বয়স ছয় থেকে ১৪ বছর। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন সাতজনের অবস্থা স্থিতিশীল। তবে ২১ বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এবিসি নিউজ জানিয়েছে, পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তবে এ হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে নিউইয়র্ক পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *