নারী তারকাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেক্স :

পপ আইকন কাইলি মিনোগকে নিয়ে ‘অনুপযুক্ত’ মন্তব্যের জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। গত সপ্তাহে ‘বুশ ডিপ’ পডকাস্ট সাক্ষাৎকারে দেওয়া তার মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েন।

কমেডিয়ান নিকি অসবোর্নের পডকাস্টে অতিথি হয়ে আলবানিজের কাছে প্রশ্ন ছিল-কাইলি মিনোগ, নিকোল কিডম্যান ও রোন্ডা বার্চমোরের মধ্যে সম্পর্ক, বিয়ে বা ডেটের জন্য কাকে বেছে নেবেন। প্রথমে প্রশ্নটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে আলবানিজ বলেন, ‘নিঃসন্দেহে কাইলি।’ এরপর তিনি যোগ করেন, ‘সব ক্ষেত্রেই কাইলি। তিনি অসাধারণ।

এই মন্তব্যের পরপরই বিরোধী দলসহ বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। কমিউনিটি স্ট্রংয়ের এমপি জালি স্টেগাল মন্তব্যটিকে ‘সম্পূর্ণ অনুপযুক্ত’ বলে অভিহিত করেন। শ্যাডো কমিউনিকেশনস মিনিস্টার সারাহ হেন্ডারসন এক্স-এ লেখেন, এটি নারীদের প্রতি অসম্মানজনক এবং প্রধানমন্ত্রীর পদের মর্যাদাহানিকর।

সোমবার সকালে এক সংক্ষিপ্ত বিবৃতিতে আলবানিজ বলেন, ‘আমি এই মন্তব্যের জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাইছি।’

প্রধানমন্ত্রী সম্প্রতি জোডি হেডনকে বিয়ে করেছেন। সাক্ষাৎকারের শুরুতে তিনি এই বিষয়টি উল্লেখ করে প্রশ্ন এড়াতে চেয়েছিলেন বলেও জানা যায়।

ঘটনাটি নিয়ে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী রিচার্ড মার্লস বলেছেন, সরকার নারী-পুরুষ সমতা ও নারীদের ক্ষমতায়নে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, বর্তমান মন্ত্রিসভায় নারী ও পুরুষের সংখ্যা সমান।

নিকি অসবোর্নের পডকাস্টটি তার বেপরোয়া ও কুরুচিপূর্ণ কনটেন্টের জন্য পরিচিত। এবারের এই সাক্ষাৎকার প্রধানমন্ত্রীর জন্য বড়সড় রাজনৈতিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *