গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক :

গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১৬ মে) রাজশাহীতে এক বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ রেহাই পায়নি। তাই ভুল স্বীকার করে সরকারকে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। এ সময় তিনি ভারতে মুসলমানদের সঙ্গে ঘটে যাওয়া মানবিক বিপর্যয়ের বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের বক্তব্য আহবান করেন।

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীর মাদ্রাসা ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে অন্য বক্তারা বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে। যদি বর্তমান সরকার এই রায় বাস্তবায়নে টালবাহানা করে, তবে জনগণই তাদের উচিত জবাব দেবে। ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে জানিয়ে বক্তারা আরও বলেন, নদীর পানির হিস্যা নিশ্চিত না হলে খাল কেটে কোনো লাভ হবে না।

এদিকে পদ্মা ব্যারেজ ঘোষণার জন্য সরকারকে সাধুবাদ জানিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, পদ্মা ও তিস্তার পানি আমাদের ন্যায্য পাওনা। এই পানি আদায়ে সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি বিএনপির সরকার স্বৈরাচারের পথে হাঁটছে মন্তব্য করে তিনি হুঁশিয়ারি দেন যে, এর খেসারত তাদের দিতে হবে।

এছাড়া গণভোটের রায় বাস্তবায়ন না করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক নিয়োগসহ বিভিন্ন ইস্যুতে সরকারের কড়া সমালোচনা করেন জামায়াত আমির।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *