হাসপাতাল থেকে আদালতে ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার দাউদকান্দির এক বিধবা নারীকে ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা জিসান মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল থেকে আদালতে নেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার জিসান সুস্থ বলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার মতামত দেয় ৪ সদস্যের মেডিকেল বোর্ড। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি মো. আ. বারী।

ওসি বলেন, চিকিৎসকের ছাড়পত্র পেয়ে জিসানকে আদালতে হাজির করা হচ্ছে। বর্তমানে জিসান হাসপাতাল থেকে ডিবি হেফাজতে আছেন। তারা তাকে সংশ্লিষ্ট আদালতে নিয়ে যাবেন।

এর আগে গ্রেপ্তার জিসান সুস্থ না অসুস্থ—এ বিতর্ক এড়াতে রোববার হাসপাতাল কর্তৃপক্ষ চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে। কুমেক হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. শাহজাহান বলেন, মেডিক্যাল বোর্ড গঠন করার পর বেশ কিছু পরীক্ষা করা হয়। এতে জিসান সুস্থ বলে প্রমাণ পাওয়ায় তাকে আজ রিলিজ দেওয়া হয়েছে।

পুলিশের ভাষ্য, ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়া এক বিধবা নারীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই নারী অন্তঃসত্ত্বা হওয়ার পর জিসান তাকে গর্ভপাত করতে বাধ্য করেন। পরবর্তীতে বিয়ের চাপ দিলে পরদিন ১২ জুন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১১ জুন রাতেই জিসান আত্মগোপনে চলে যান। গত শুক্রবার রাতে জেলার লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে জিসানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। ওই রাতে ওই নারী বাদী হয়ে জিসানকে প্রধান আসামি করে এবং ধর্ষণের সহায়তায় আরও তিনজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় জিসানকে গ্রেপ্তার দেখানোর পর থেকে সে পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *